জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর দেড় মাস পর প্রথমবারের মতো একই অনুষ্ঠানে উপস্থিত হলেন তার স্ত্রী রওশন এরশাদ ও ছোট ভাই জি এম কাদের। সংসদের ভেতরে-বাইরে দলের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে চলা মতপার্থক্যের মধ্যেই মরহুম এরশাদের চেহলাম উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের মহল মিলনায়তনে ঢাকা জেলা জাপা ও জাতীয় মহিলা পার্টির যৌথ উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তারা দুজনই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করতেই রাজনীতি করছি। দেশ ও মানুষের কল্যাণে এরশাদ অনেক কাজ করেছেন। তিনি তার অনেক স্বপ্নই পূরণ করতে পারেননি, আমরা তার সেসব স্বপ্ন বাস্তবে পরিণত করব, তার অসমাপ্ত কাজ সম্পন্ন করব। তিনি বলেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী।
আর রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধু দেশের উন্নয়ন শুরু করেছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর দেশের উন্নয়নের এই ধারা এগিয়ে নিয়েছেন এরশাদ।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম। এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ), জাপার প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, এসএম ফয়সল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু ও নাজমা আক্তার এমপি, পার্টির ভাইস চেয়ারম্যান শেরিফা কাদের, আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ মিলাদে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে কয়েকজন মহিলা নেত্রীকে সঙ্গে নিয়ে চেয়ারে বসেন রওশন এরশাদ। আর নেতাদের নিয়ে ফ্লোরে বিছানো চাদরে বসেন জি এম কাদের। রওশন এরশাদ অনুষ্ঠানস্থলে পৌঁছালে জি এম কাদের গিয়ে তাকে সালাম জানান ও চেয়ারে বসিয়ে দেন। আজ শুক্রবার নারায়ণগঞ্জে এরশাদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলেও রওশন ও জি এম কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি ও ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শ্রী রামদাস আঠাবলে। গতকাল এক অভিনন্দন বার্তায় ভারতের এই রাজনীতিক বলেন, বর্তমান নেতৃত্বে জাপা আরো সমৃদ্ধ হবে।
