সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত:তথ্যমন্ত্রী

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০০:২৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দশম জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, প্রতিবেদনটি সম্পূর্ণ একপেশে এবং উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রতিবেদনে উপস্থাপিত তথ্য-উপাত্তে অনেক ভুল-ত্রুটি রয়েছে। তারা এর আগে পদ্মা সেতুর ওপরও এমন উদ্দেশ্যমূলক প্রতিবেদন দিয়েছিল। সেসব ভুলের কারণে টিআইবি কখনো জাতির কাছে ক্ষমা চায়নি। তাদের উচিত ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া।

ড. হাছান বলেন, এর আগে টিআইবি ২০১০ সুন্দরবনের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কেলেঙ্কারির বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছিল। প্রতিবেদন তৈরিতে তারা ২০০৭ ও ২০০৮ সালের উপাত্ত ব্যবহার করে, যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। কিন্তু তারা সময়টি উল্লেখ করেনি, সুতরাং দেখে মনে হয়েছিল যে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করছে।

সভাপতির বক্তৃতায় তৃণমূল বিএনপির সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা সকল রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালনের আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। আমরা সবাই প্রধানমন্ত্রীর পাশে থাকব এবং সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তৃণমূল বিএনপির কো-চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর মজুমদার, বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স (বিএনএ)র মহাসচিব ড. শেখ হাবিবুর রহমান ও তৃণমূল বিএনপির মহাসচিব ব্যারিস্টার আকবর করিম প্রমুখ।