রোহিঙ্গাদের নিয়ে ব্যবসার মনোভাব ত্যাগ করুন: হানিফ

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৫:৫৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ রোহিঙ্গাদের নিয়ে কাজ করার এনজিওদের উদ্দেশ্যে বলেছেন, 'রোহিঙ্গাদের নিয়ে এনজিওদের শুধু ব্যবসার মনোভাব ত্যাগ করে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করুন, এটাই আমরা চাই।' শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'আজকে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বিশ্ববাসীর সমস্যা। রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বকে এগিয়ে আসতে হবে।'

রোহিঙ্গা নিয়ে এনজিওদের ব্যবসায়ী মনোভাব ত্যাগ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'আমি অনুরোধ জানাব, যে সব উন্নত রাষ্ট্র আছে, শক্তিধর রাষ্ট্র আছে, সব সময় মানবতার কথা বলেন, আপনাদের আরও সোচ্চার ভূমিকা দেখতে চাই। আপনারা আরও দায়িত্বশীল মনোভাব তৈরি করুন। তাদের নিয়ে ব্যবসার মনোভাব ত্যাগ করে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করুন।'

আরও পড়ুন:  বিএনপির হাতই রক্তে রঞ্জিত : আইনমন্ত্রী

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে উল্লেখ করে হানিফ বলেন, 'রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। এখানে ফাঁদে পড়ার কিছু নেই। এই অসহায় মানুষদের আশ্রয় দিয়ে মানবতা দেখিয়েছেন শেখ হাসিনা।'

অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যন মেজবাউর রহমান চৌধুরী আলোচনায় অংশ নেন।

ইত্তেফাক/জেডএইচডি