শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় সাদেক হাজারী (৩০) নামে এক রাজমিস্ত্রি মারা গেছেন। শুক্রবার সকাল ৭টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ সড়কে খানপুর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি পারুলগাছা গ্রামের শামছুর হাজারীর ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে শ্যামনগর সদরে কাজে যাওয়ার সময় খানপুর তেলের পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সাদেক ও ভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন সাদেককে মৃত ঘোষণা করেন। আর ইঞ্জিন ভ্যান চালক আবুল কালামের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
