লালমনিরহাটের আদিতমারীতে মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।এরা হলেন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শাহাজাহান আলী মাস্টারের ছেলে পল্লীচিকিৎসক শাহাদাত হোসেন আজাদ (৪৫) এবং উপজেলা সদরের আদিতমারী গ্রামের আলাল হোসেনের ছেলে রিফাত (১০)।
এ ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হলেন, পিকআপ ভ্যানের হেলপার রবিন (২২) ও নিহত রিফাতের বড় ভাই রাব্বী (১৪)। শুক্রবার বিকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বন্ধু সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোহার এ্যাংগেল বোঝাই একটি পিকআপ ভ্যান লালমনির-বুড়িমারী মহাসড়কের বন্ধু সিনেমা হল সংলগ্ন এলাকায় প্রথমে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় সাইকেলে থাকা দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই রিফাত (১০) ঘটনাস্থলে নিহত হন। তখন তার বড় ভাই রাব্বী (১৪) গুরুতর আহত হন।
এদিকে নামুড়ি বাজার থেকে পল্লীচিকিৎসক শাহাদাত হোসেন আজাদ মোটরসাইকেলযোগে আদিতমারী বাজারে যাচ্ছিলেন। পথে ওই পিকআপ ভ্যানের ধাক্কায় তিনিও ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন পিকআপ ভ্যানের হেলপার রবিন (২২)। এদের দুজনকে প্রথমে আদিতমারী হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে এলাকাবাসীর সহায়তায় ঘাতক পিকআপটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
আদিতমারী হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ কুন্ড বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রংপুরে রেফার্ড করা হয়েছে।
আরও পড়ুন: বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত. অস্ত্র উদ্ধার
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু

