স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, 'জনসচেতনতার জন্য ডেঙ্গু মোকাবেলা করা সহজ হয়েছে। তারপরও আমরা এখনো শতভাগ সফল হইনি।' শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঢাকা ইউটিলিটি রিপোটার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত 'নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের করণীয়' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'নগর অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় অনেক কিছু ঠিক হতে সময় লাগবে। সব কিছুর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। এখানে বলা যাবে না আমি সফল। আমরা সফল তখনই বলতে পারবো যখন একজন মানুষও ডেঙ্গু রোগে আক্রান্ত হবে না। যতটুকু নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে এর প্রধান কারণ জনসচেতনতা।'
তিনি আরও বলেন, আমি মনে করি না, কোথাও সমন্বয়হীনতা আছে। কারণ আমরা সবগুলো সংস্থার সঙ্গে সমন্বয় করছি। প্রতিদিনই নতুন নতুন বিষয়ে সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে এবং এসব সংস্থা সক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী পরস্পরের সঙ্গে কাজ করছে। ঢাকা শহরে সুয়ারেজ সিস্টেম নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে। আগে যেমনটা রাজধানীতে জলাবদ্ধতা হতো, আমাদের সবার সমন্বিত প্রচেষ্টায় জলাবদ্ধতা অনেকটা কমে এসেছে। তবে একেবারেই জলাবদ্ধতা মুক্ত, এমনটা বলা যাবে না। দুই সিটি করপোরেশন এলাকায় আগের চেয়ে পরিচ্ছন্নতা বেশি দেখা যাচ্ছে। তবুও অনেক নাগরিক সমস্যা রয়ে গেছে, এটা ঠিক। তবে পৃথিবীর এমন কোন দেশ নেই, যারা বলতে পারবে, তাদের নাগরিক সমস্যার শতভাগ সমাধান করতে পেরেছে।'
আরও পড়ুন: ৩৯ বছর বয়সে ৩৮ সন্তান
এ সময় বর্তমান সরকার দুর্নীতি শতভাগ নির্মূলে পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা বলা হয়েছে। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, দুর্নীতি শতভাগ নির্মূল করতে পদক্ষেপ নিয়েছি।'
ঢাকা ইউটিলিটি রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় সেমিনারে স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মাদ খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
