রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আবু তাইয়্যিবকে (১৯) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এটিবি জানায়, আনসারুল্লাহ বাংলা টিমের কিছু সংখ্যক সদস্য রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে হত্যা পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতির অগ্রগতি আলোচনার জন্য রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মিলিত হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এটিইউ। অভিযানে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আবু তাইয়্যিবকে (১৯) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদি বই-পুস্তক ও একটি ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তাইয়্যিব কুমিল্লা সদর দক্ষিণে অবস্থিত জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার কিতাব শ্রেণির ছাত্র। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে জানায়, সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
জিজ্ঞাসাবাদে তাইয়্যিব জানায়, গ্রুপের অন্যান্য সহযোগীসহ সে ম্যাসেঞ্জার ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে হত্যা পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছিল। এছাড়াও আনসারুল্লাহ বাংলা টিমের জন্য তারা অস্ত্র ও অর্থ সংগ্রহের পাশাপাশি খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিল।
আরও পড়ুন: চৌগাছায় সাত বছরের বালক বলাৎকারের শিকার
এর আগে, এটিইউ এর অভিযানে রাজধানীর রূপনগর থেকে গ্রেফতার হওয়া আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া ও পল্লবী থেকে গ্রেফতার হওয়া শান্ত হাসান ওরফে মাহাদী হাসান নিজেদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাইয়্যিবের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানিয়েছিল।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিটের অপারেশনস টিম নরসিংদী জেলার মনোহরদী থানার পাঁচহাটি গ্রামের তাইয়্যিবের বাড়ি থেকে তার ব্যবহৃত একটি স্মার্ট ফোন উদ্ধার করে জব্দ করে। এছাড়াও জিজ্ঞাসাবাদে সে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্রুপের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে এটিইউ।
ইত্তেফাক/জেডএইচডি
