সিরাজগঞ্জে রোপা আমনের আপত্কালীন বীজতলা

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:৪৯

মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ প্রতিনিধি

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় রোপা আমন ধানের আপত্কালীন কমিউনিটি বীজতলা স্থাপন করা হয়েছে যা কৃষকদের মাঝে আশার সঞ্চার করেছে। সাম্প্রতিক বন্যা এবং বন্যার পানি জমে রোপা আমন ধানের বীজতলা বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে বন্যার ক্ষতি মোকাবিলায় আপত্কালীন বীজতলা তৈরি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোস্তম আলী জানান, রোপা আমন ধানের বীজতলার ক্ষতি মোকাবিলায় পুনর্বাসন কর্মসূচির আওতায় সদর উপজেলায় মোট পাঁচ একর জমিতে আপত্কালীন কমিউনিটি বীজতলা স্থাপন করা হয়েছে।

যেসব এলাকায় বন্যায়  কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল এলাকার কৃষককে  ১ দশমিক ৬৫ শতকের বীজতলার চারা প্রদান করা হবে। যাতে এক বিঘা জমিতে চারা লাগাতে পারে। এই কার্যক্রমে সিরাজগঞ্জ সদর উপজেলায় মোট ৩০৩ জন কৃষক ৩০৩ বিঘা জমির চারা পাবেন। বীজতলার অবস্থা বেশ ভালো। অল্প কয়েকদিনের মধ্যে এসব চারা কৃষকের মাঝে বিতরণ করা হবে।