হবিগঞ্জ প্রতিনিধি
প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক গোলাম কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার পৌর পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান মিজান।
পৌর পরিষদ সূত্রে জানা যায়, বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া পৌর মার্কেটের দ্বিতীয়তলার সাবেক ডেসটিনি অফিস ও সাবেক সোনালী ব্যাংক কার্যালয়টি তার স্ত্রীর নামে নিয়ম বহির্ভূতভাবে লিজ নেন। তিনি সেখানে দোকান বানিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করছেন। এছাড়া শহরের ঘাটিয়াবাজার এলাকায় পৌর বিপণি বিতানের দ্বিতীয়তলার সবকটি দোকান ও নিচতলার একটি দোকান নিয়ম বহির্ভূতভাবে লিজ দেখিয়ে ভাড়া আদায় করছেন। শুধু তাই নয়, ২০১৪ সাল থেকে পৌর মার্কেটের অন্যান্য দোকানের ভাড়া উত্তোলন করলেও তা ঠিকমতো পৌর তহবিলে জমা করছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর পরিষদের একাধিক কাউন্সিলর জানান, বাজার পরিদর্শক গোলাম কিবরিয়া নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাত্ করেছেন। পৌর পরিষদের সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুর্নীতির বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর তাকে বরখাস্তসহ বেতন-ভাতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়র মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
