পরকীয়ার অভিযোগে সালিশ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
পরকীয়ার অভিযোগ এনে স্থানীয় সালিশ বৈঠকে জরিমানা করায় অপমান সহ্য করতে না পেরে মো. খোকন (২৪) নামের এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের কামিলাবাড়িতে। রামগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্র ও নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির লোকজন জানান, গত বৃহস্পতিবার রাত ৯টায় ব্রহ্মপাড়া গ্রামের কামিলাবাড়ির মনু মিয়ার স্ত্রী আকলিমা বেগমের সঙ্গে দিনমজুর মো. খোকনের পরকীয়ার অভিযোগ তোলেন একই বাড়ির মো. সোহাগ। পরে খোকনকে আটক করে রাত ২টা পর্যন্ত সালিশ বৈঠক চলে। সালিশদার কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুর রব, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম ও সাইন্নারবাড়ির রাজু দিনমজুর মো. খোকনকে অভিযুক্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং গতকাল শুক্রবার সকাল ১০টার মধ্যে টাকা পরিশোধ করার শর্ত দেন। খোকন পরকীয়ার বিষয়টি অস্বীকার করলেও সালিশদারেরা নানান ভয়ভীতি ও চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। একপর্যায়ে খোকন বৈঠক থেকে বাইরে গিয়ে বাড়ির পরিত্যক্ত বাগানে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খোকনের বাবা ফজল হক বলেন, ‘পরকীয়ার মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে আমার ছেলে সালিশদারদের হাতে-পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু তাদের মন গলেনি। পরে সে আত্মহত্যা করেছে।’
কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুর রব বলেন, ‘আমি ঘটনাস্থলে সালিশের পরে গিয়েছি। আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল এমন মিথ্যা কথা রটাচ্ছে।’
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে এসআই কাওসারুজ্জামানকে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কামিলাবাড়ির শিউলী বেগম ও তাহেরী বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। সালিশ বৈঠকে পরকীয়ার অভিযোগে কোনো জরিমানা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
