মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলায় এক সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ চাঁদপাই এলাকার গৃহবধূর বসতঘরে বুধবার রাতে এ ঘটনা ঘটে। তার চিত্কারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় ধর্ষক টিটো শেখ। ধর্ষিতাকে উদ্ধার করে রাতেই মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ধর্ষক টিটো শেখ দক্ষিণ চাঁদপাই এলাকার প্রভাবশালী মৃত মোস্তফা শেখের ছেলে।
স্থানীয় সাবেক মহিলা ইউপি সদস্য নাজমা বেগম বলেন, দক্ষিণ চাঁদপাই এলাকার টিটো শেখ চিংড়ি ঘেরের ব্যবসার আড়ালে প্রায়ই এ ধরনের অপকর্ম করে যাচ্ছিল। এলাকায় বেশ কয়েকবার তার বিরুদ্ধে সালিশ দরবারও হয়েছে। প্রভাবশালী হওয়ায় এরকম ঘটনা ঘটিয়েই যাচ্ছে সে।
নির্যাতিতা গৃহবধূর স্বামী বলেন, আমরা গরিব অসহায় হওয়ার সুযোগে আমার এ সর্বনাশ করেছে টিটো শেখ।
মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, দক্ষিণ চাঁদপাই এলাকায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে টিটো শেখকে আসামি করে বৃহস্পতিবার রাতে ধর্ষণ মামলা করেছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
