গুড় ব্যবসায়ীকে জরিমানা
নাটোর প্রতিনিধি
নাটোরে বৃহস্পতিবার র্যাবের পরপর দুটি অভিযানের একটিতে ভেজাল গুড় ব্যবসায়ীকে বিক্রয় ও সংরক্ষণের অপরাধে দুই লাখ টাকা জরিমানা ও অপর অভিযানে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, র্যাবের ধারাবাহিক অভিযানে নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মো. রাজিবুল আহসান, কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লালপুর নাটোরের যৌথ নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে নাটোর জেলার লালপুর থানাধীন হাসেমপুর গ্রামস্থ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল গুড় ৩ হাজার কেজিসহ আসামি শ্রী সুমনকে হাতেনাতে গ্রেফতার করে। ভ্রাম্যমাণ আদালত আসামিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উদ্ধার ও জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে।
অপর এক অভিযানে ঐ অপারেশন দল এএসপি মো. রাজিবুল আহসান, কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত)-এর নেতৃত্বে একই দিন রাতে নাটোর জেলার সদর থানাধীন কান্দিভিটাস্থ এলাকায় অভিযান পরিচালনা করে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ আসামি মো. বাবুল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে উক্ত আগ্নেয়াস্ত্রটি অপরাধ সংঘটনের জন্য তার হেফাজতে ছিল বলে স্বীকার করে।
