কক্সবাজারের ১০ লাখ রোহিঙ্গার হাতে ২ লাখ মোবাইল ফোন ব্যবহার হচ্ছে। তাদের হাতে এত সংখ্যক মোবাইল ফোনের সিমকার্ড রেজিস্ট্রেশন কীভাবে হলো, তা নিয়ে সরকারের নীতিনির্ধারক মহলে তোলপাড় চলছে। কাদের সহায়তায় তারা এসব মোবাইল পেল, শুরু হয়েছে তার তদন্ত। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিয়ে মোবাইল ফোন অপারেটরগুলোর অসাধু ডিলাররা সিম নিবন্ধন করে তা রোহিঙ্গাদের কাছে বিক্রি করছে। আর এসব মোবাইল ফোন দিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করছে রোহিঙ্গারা।
চলতি বছরে জুন মাসে কক্সবাজারে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ করা হয় যে, রোহিঙ্গারা পাঁচ লাখ অবৈধ মোবাইল ফোন ব্যবহার করছে। সভায় বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হোসেন খান অভিযোগ করেন, ক্যাম্পগুলোতে ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধ হচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অবৈধ মোবাইল ফোন ব্যবহার করছে।
সরকারের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা রোহিঙ্গাদের অবৈধ মোবাইল ফোনের ব্যবহারের বিষয়টি নিয়ে তদন্ত নামে। তারা তদন্তে দেখতে পায় যে, শুধু মোবাইল ফোন নয়, ক্যাম্পগুলোতে থ্রি-জি নেটওয়ার্কে ইন্টারনেটও ব্যবহার করছে তারা। শুধু দেশে নয়, বহির্বিশ্বের সঙ্গেও তারা হরহামেশা যোগাযোগ রাখছে। অনেক রোহিঙ্গা সদস্যরা বিদেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলছে। সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনেও বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক সক্রিয় থাকে। তিনটি মোবাইল অপারেটর রোহিঙ্গা কাম্পের মধ্যে মোবাইল টাওয়ার নির্মাণ করেছে। অনুপ্রবেশের শুরু থেকেই রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। অথচ জাতীয় পরিচয়পত্র না থাকায় নিজেদের নামে মোবাইল ফোনের সিম নিবন্ধনের সুযোগ নেই তাদের।
গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে এক রোহিঙ্গা বলেছেন, ‘২০১৭ সালের সেপ্টেম্বরে আমরা যখন প্রথম মিয়ানমার থেকে নদী পার হয়ে এপারে আসি, তখনই স্থানীয় বাজার থেকে সিম কিনেছি। আমারটা শাহপরীর দ্বীপের এক দোকান থেকে কেনা। কোনো কাগজ লাগেনি। এসব নম্বর ক্যাম্পের কর্মকর্তাদের কাছেও আছে। তারা দরকার হলে ফোন করেন।’ এ ব্যাপারে একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, এটা উদ্বেগের বিষয়। জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। রোহিঙ্গারা কেন মোবাইল ফোন ব্যবহার করবে, তাও আবার অবৈধভাবে। এসব মোবাইল ফোন যত দ্রুত সম্ভব জব্দ করতে হবে অথবা মোবাইল ফোন অপারেটরগুলোকে এসব সেটে ব্যবহূত সিমকার্ড ব্লক করে দিতে হবে।
