আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ার যত বড়ো মানের সাংবাদিক ছিলেন, তারচেও বড়ো মাপের মানুষ ছিলেন। তিনি আজীবন লড়াকু ছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে ছিলেন। রাজনীতিকদের প্রশংসা করতেন, আবার কড়া সমালোচকও ছিলেন।
গতকাল শুক্রবার বিকালে সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভায় তিনি এ কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ের প্রধান মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। গোলাম সারওয়ার গত বছরের ১৩ আগস্ট ইন্তেকাল করেন।
স্মরণসভার শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রয়াত সম্পাদকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, গোলাম সারওয়ারের মতো এক জন ছাত্র পেয়ে তিনি শিক্ষক হিসেবে গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক ষাটের দশকের স্মৃতিচারণ করে বলেন, সারওয়ার নেই তা মনে হয় না। সে ছিল, আছে, থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, গোলাম সারওয়ার উঁচু মাপের একজন মানুষ ছিলেন। তার দেখানো পথে দেশের সাংবাদিকতা আগামীতে প্রতিটি ক্রান্তিকাল পেরিয়ে মর্যাদায় প্রতিষ্ঠিত হবে।
স্মরণসভায় আরো বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, জাগরণ সম্পাদক আবেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, সমকাল প্রকাশক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যজন আতাউর রহমান, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি কামাল চৌধুরী, তথ্য সচিব আব্দুল মালেক, সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।
সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি সভায় স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজীজ। অনুষ্ঠানে গোলাম সারওয়ারের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার সহোদর গোলাম হায়দার, জামাতা মিয়া নাইম হাবিব ও ভাগনে শামীম হাসান।
