বড়লেখায় অজ্ঞাত নারীসহ তিন জনের লাশ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৬:৪৪

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক অজ্ঞাত নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। শনিবার পৃথক এই লাশ গুলো উদ্ধার করা হয়।
  
মৃত ব্যক্তিরা হলেন, বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর গ্রামের মৃত রমনি দাসের ছেলে কৃষক রনজিত দাস (৫০) ও তালিমপুর ইউনিয়নের সরুয়ামাঝি গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশা চালক আলী আছকর (৪৫) এবং অজ্ঞাত এক নারী।  

পুলিশ সূত্রে জানা গেছে, তালিমপুর ইউনিয়নের সরুয়ামাঝি গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক আলী আছকরের লাশ ঘরের পাশের আম গাছের ডালের সঙ্গে ঝুলতে থাকা অবস্থায় পাওয়া গেছে। আলী আছকর আগের রাতে ১১টায় খাবার খেয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে খুঁজতে গিয়ে ওই অবস্থায় দেখতে পায় তার পরিবার। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

অপরদিকে, শনিবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর এলাকায় নদীর পাড়ের একটি বরুণ গাছের ডালে ঝুলে থাকা অবস্থায় কৃষক রনজিত দাসের লাশ উদ্ধার করা হয়। আগের রাত দুইটার দিকে ঘর থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। শনিবার সকালে তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে ঝুলে থাকা অবস্থায় লাশ দেখতে পায় তার পরিবার।

আরও পড়ুন: গ্রামের বাড়ি বেড়াতে এসে দুই ভাইয়ের সলিল সমাধি

এদিকে বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকার মাধবছড়া খালের পানিতে ভেসে থাকা অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম বলেন, তিনটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। স্থানীয়দের তথ্যমতে অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/অনি