যৌতুকের দাবিতে স্ত্রীকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়ায়। আহত অবস্থায় এলাকাবাসী গৃহবধূ পান্না বেগমকে উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার বিকালে লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, পান্নার শরীরে বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে।
ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চর-মল্লিকপুর গ্রামের লোকমান শেখের ছেলে নুর আলমের সঙ্গে সাত বছর আগে একই উপজেলার দৌলতপুর গ্রামের মৃত ইয়াকুব শেখের মেয়ে পান্না বেগমের বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকাসহ স্বর্ণালংকার, ফার্নিচার ও সাংসারিক আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল দেয় পান্নার পরিবার। কিন্তু স্বামী নুর আলম আরো যৌতুকের টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়।
আরো পড়ুন: জনগণের কল্যাণে কাজ করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ
গত বৃহস্পতিবার রাতে স্ত্রী পান্নার গোপন অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিট করে নূর-আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।
পান্না বেগম জানান, যৌতুকের টাকার জন্য স্বামী তাকে বিয়ের পর থেকে প্রতিনিয়ত আমাকে মারপিট করে আসছে। গত বৃহস্পতিবার রাতে বেধড়ক মারপিট করে আমাকে ফেলে রেখে আমার সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পান্না বেগম বাদী হয়ে শুক্রবার রাতে লোহাগড়া থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন জানান, অভিযান চালিয়ে সন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জেডএইচ
