ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কর্মী ও মানিকদাহ ইউনিয়নের বাসিন্দা শাজাহান মাতুব্বরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভ্যানে করে মেয়ের বাসা পুখুরিয়া থেকে সদরপুর সড়কের অ্যাড. নুরুনব্বীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। শাজাহান মাতুব্বর মানিকদাহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আলীমুদ্দী মাতুব্বরের ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভ্যানে করে মেয়ের বাসা পুখুরিয়া থেকে সদরপুর সড়কের অ্যাড. নুরুনব্বীর বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন মানিকদাহ ইউনিয়নের বাসিন্দা শাজাহান মাতুব্বর। পথিমধ্যে হঠাৎ করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় তার স্ত্রীর চিৎকার শুনে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর শনিবার নিজেই বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন শাজাহান মাতুব্বর।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, 'ঘটনার পর আমরা দ্রুত ব্যবস্থা নেই এবং শাহাজান মাতুব্বর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।'
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা মিথ্যার রাজত্ব কায়েম করতে চেয়েছিল’
এ ঘটনায় ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, 'আমাদের আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর জনপ্রিয়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে একটি মহল শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। আমি আশা করবো পুলিশ দায়ীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনবে।'
ইত্তেফাক/জেডএইচডি

