৫ দিনের সফরে ঢাকায় ভারতের এয়ার মার্শাল আর ডি মাথুর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:২২

ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ, এয়ার মার্শাল আর ডি মাথুর এভিএসএম, ভিএসএম আজ পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন।

রবিবার সকালে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস। এয়ার মার্শালের সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী শ্রীমতী শিপ্রা মাথুর এবং একজন প্রতিনিধি রয়েছেন।

আরও পড়ুন: ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ডোরিয়ান’

সফরকালে এয়ার মার্শাল বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এয়ার মার্শাল বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এবং বিমান বাহিনীর বিভিন্ন বিমানঘাঁটি পরিদর্শন করবেন।

বাংলাদেশে ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফের এই সফর ভারতের নিকটতম প্রতিবেশীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে জোরদার করতে সহায়তা করবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করবে। বিজ্ঞপ্তি

ইত্তেফাক/এমআরএম