খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ল্যাপটপের কী-বোর্ডের বাটন টিপে ভর্তি আবেদন গ্রহণ ও সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান এবং আইসিটিসেলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে
ভর্তির আবেদন গ্রহণ ও ৬ষ্ঠ সমাবতনের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ২০১৮ অথবা ২০১৯ সালে এইচ এসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
খুবি সূত্র জানায়, আগামী ২ নভেম্বর শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তিসংক্রান্ত যে কোনো তথ্য সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস থেকে জানা যাবে।
খুবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণসংক্রান্ত যে কোনো সমস্যায় ০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বর মোবাইল ফোনে অফিস চলাকালে (সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) যোগাযোগ করা যাবে। এছাড়া অনলাইনে ভর্তি এবং ৬ষ্ঠ সমাবর্তন রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd এ পাওয়া যাবে।
তিনি বলেন, পরীক্ষার সময় মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস সঙ্গে আনা যাবে না। কোন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে।
ইত্তেফাক/এমআরএম

