আড়াইহাজারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৩

নারায়নগঞ্জের আড়াইহাজারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজ আহম্মেদ অপু (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডেঙ্গুতে আক্রান্ত এটি  আড়াইহাজারে দ্বিতীয়  মৃত্যুর ঘটনা। অপু উপজেলা সাতগ্রাম ইউনিয়নের মাতাইন গ্রামের সেকান্দর মিয়ার ছেলে। তিনি নরসিংদী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সাতগ্রাম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, অপু গ্রামের বাড়ি মাতাইনে তিন দিন আগে জ্বরে আক্রান্ত হন। তার পরিবারের লোকজন শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে রক্ত পরীক্ষা করে জানতে পারে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। তাকে ওই দিনই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে একই দিন দুই ঘণ্টা পর  স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার রাতে সে মারা যান।

আরও পড়ুন:  স্বাধীনতার ৪৮ বছর পর ‌‘বীরাঙ্গনা’ খেতাব পেলেন মির্জাপুরের ববিজান

রবিবার বাদ জোহর তাকে জানাযা শেষে দাফন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই পর্যন্ত মোট ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অবনতি হলে ৬ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

ইত্তেফাক/জেডএইচডি