মুস্তাফা মাসুদ
অপরের ত্রুটিগুলো দেখে শুধু নজরে,
নিন্দার চোখা তীর ছুড়ে মারে সজোরে।
এর খুঁত ওর খুঁত—খুঁতখুঁত যায় না,
কক্ষনো কিছুতেই ভালো কিছু পায় না।
তাকালেই দেখে তারা সবকিছু বক্র,
গোলাপের হাসিতেও ভৌতিক চক্র।
ভালোবাসে ভাগাড়ের গলিজের গন্ধ,
জোছনার হাসি দেখে করে চোখ বন্ধ।
নিন্দায় ভারি সুখ দিবসে ও রাত্রে,
ভালো কথা শুনলেও জ্বর ওঠে গাত্রে।
নিজের হাজার ফুটা—কালিমাখা কত্ত,
পরের ফুটার খোঁজে থাকে তবু মত্ত।
এদের হাতেই নাকি মননের সলতে—
মুখ ফুটে কেউ কিছু পারবে কি বলতে!
