কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরেই প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহেবুবা মুফতিকে গ্রেফতার করেছিল পুলিশ। তিন সপ্তাহের বেশি সময় গৃহবন্দি থাকার পরে অবশেষে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহেবুবা মুফতি পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন।

ওমর আবদুল্লার পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, শ্রীনগরের হরিনিবাসে এই মুহূর্তে বন্দি রয়েছেন এই কাশ্মীরি নেতা। তার সঙ্গে তার বোন সাফিয়াকে শনিবার ২০ মিনিটের জন্যে দেখা করার অনুমতি দেয় প্রশাসন। অন্যদিকে মেহেবুবা মুফতির সঙ্গে তার পরিবার দেখা করার সুযোগ পেয়েছে গত বৃহস্পতিবার। চেশমাশাহি অঞ্চলের একটি সাব জেলে বন্দি এই পিডিপি নেতা।

ওমর আবদুল্লার বোন সাফিয়া বেশ কয়েক বার ডেপুটি কমিশনারের কাছে আবেদন জানানোর পরে গত সোমবার অবশেষে অনুমোদন পান। এর আগে ইদের দিনে তারা একবার টেলিফেোনে কথা বলার সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুন : রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওমর আবদুল্লার ক্ষেত্রে কড়াকড়ি সামান্য শিথিল হলেও তার বাবা, উপত্যকার তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার ব্যাপারে প্রশাসনের মনোভাব কঠিনই। গত কয়েক সপ্তাহে কয়েকজন কর্মকর্তা ফারুক আবদুল্লাহ কাছে পৌঁছলেও পরিবারের লোককে তার কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়নি টেলি যোগাযোগের সুবিধাও। মেহেবুবা মুফতির অবস্থাও আরও খারাপ। সকালে খবরের কাগজ হোক বা টিভি, কিছুই পাচ্ছেন না তিনি। অথচ ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোটবদ্ধভাবেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। 
 
প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হতে পারে, এমন গুঞ্জন ছিল। তবে গত চার সপ্তাহে এর সত্যতা মেলেনি। এখনো দিল্লি সরকার তাদের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।  

ইত্তেফাক/কেআই