মতলব পৌরসভার পূর্ব কলাদী জামে মসজিদে তিন শিশুর মৃত্যুর এখনও কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সকল আলামতের রাসায়নিক পরীক্ষার জন্য পুলিশ রবিবার আদালতে আবেদন করেছে।
পুলিশ জানায়, অনুমতি পেলে প্রধান রাসায়নিক পরীক্ষক সিআইডি চট্টগ্রাম বরাবর জব্দকৃত আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে। সিআইডির ক্রাইম সিন অ্যানালাইসিস টিম এবং ফরেনসিক টিমের প্রতিবেদন ও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে। তারা আরও জানিয়েছে, পত্র পত্রিকায় এবং সোশাল মিডিয়ায় ধারণা নির্ভর বিভিন্ন তথ্য আসছে। সেগুলোর দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: স্কুল রক্ষার বরাদ্দ এলো পানিতে বিলীনের পর
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, নিহতদের স্বজনদের পক্ষ থেকে কারো প্রতি কোনো সন্দেহ বা অভিযোগ নেই।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে মতলব উপজেলার পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষে ইমামের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৮),ইব্রাহিম খলিল (১২) ও রিফাত হোসেন (১৫) নামে ৩ মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় দিন রাতে মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/অনি
