কুবিতে স্নাতকে ভর্তির আবেদন শুরু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দিন-রাত যে কোনো সময় অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০৮ ও ০৯ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ২০১৯-২০ এর সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০১৬ বা ২০১৭ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০১৮ বা ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান অনুষদের বিষয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ-৬.৫০ (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য জিপিএ-৬.০০ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য জিপিএ- ৬.০০ থাকতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ০১-৩০ সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় আবেদন করা যাবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন নম্বরের (০১৫৫৭-৩৩০৩৮১ /০১৫৫৭-৩৩০৩৮২) মাধ্যমে জানা যাবে।