ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে ১৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে ১৪ জন যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ছাদ থেকে তাদের আটক করা হয়। আটক অভিযান টের পেয়ে বেশ কিছু যাত্রী ট্রেনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।

জকিগঞ্জের লিটন আহমেদ (২৩), কোম্পানীগঞ্জের রাকিবুল ইসলাম (১৯), বালাগঞ্জের শাকিল মিয়া (১৮), কুলাউড়ার অমল দেব (১৮), শ্রীমঙ্গলের রাজু মিয়া (১৮), সাজু মিয়া (১৮), শাওন মিয়া (২৮), মো. শাহআলম (১৯), চুনারুঘাটের মামুন মিয়া (১৮), রাজনগর উপজেলার শাহীন মিয়াকে (২৫) আটক করে রেল আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে আইনে ট্রেনের ছাদে ভ্রমণ একটি অপরাধ। রেলওয়ে মন্ত্রণালয়ের এক আদেশে ট্রেনের ছাদে ভ্রমণকারীদের আটক করে আদালতে সোপর্দ করার অভিযান পরিচালনা করা হয়েছে। ১৮৯০ সালের রেলওয়ে আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।