g বিনোদন প্রতিবেদক
নাটক নির্মাণের সংখ্যা প্রতিবছরই বাড়ছে কয়েকশ’ করে। সেইসাথে নাটক দেখার মাধ্যমও বাড়ছে। টেলিভিশনে নাটক দেখার দর্শক কমে এখন বাড়ছে মুঠোফোনে নাটক দেখার দর্শক। এ বছর ছোটপর্দায় যারা সারাবছর নাটকে ব্যস্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম মেহজাবীন। অন্যদিকে গত কয়েকবছরের চেয়ে এবার পেশাদার অভিনেত্রী হিসেবে অভিনয় শুরু করেছেন সাফা কবির, সাবিলা নূর ও তানজিন তিশা।
মেহাজাবীনের রেকর্ডসংখ্যক নাটকের বছর
পুরোদস্তুর ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরের দুটি ঈদে যাদের নাটক সর্বোচ্চ প্রচার হয়েছে তাদের মধ্যে একজন মেহজাবীন। এরমধ্যে বেশ কয়েকটি নাটক আলোচনাও তৈরি করেছে। যার মধ্যে রয়েছে ‘বুকের বাঁ পাশে’, ‘বেস্ট ফ্রেন্ড’, ‘বেকার’সহ আরো বেশকিছু নাটক। শুধু নাটকই নয়, এবার বেশ অনেকগুলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যাও বেড়েছে। তবে অনেকদিন ধরে বড়পর্দায় মেহজাবীনকে দেখতে চাওয়া নিয়ে অনেক
খবর পাওয়া গেলেও এ বছর এখন পর্যন্ত কোনো ছবি করার খবর পাওয়া যায়নি।
ছোটপর্দায় শক্ত অবস্থান গড়েছে তানজিন তিশা
শোবিজে ক্যারিয়ার শুরুর অনেকদিন হয়ে গেলেও নাটকে খুব একটা নিয়মিত ছিলেন না তানজিন তিশা। তবে সেই গণ্ডি থেকে বের হয়ে ২০১৮ সালে অন্য এক তিশাকে দেখেছেন দর্শকরা। নিয়মিত নাটকের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও দেখা গেছে তিশাকে। তিশা শুধু দর্শকের কাছেই যে তার অভিনয় দিয়ে প্রশংসিত হয়েছে এমনটি নয়। অনেক প্রযোজক, পরিচালক ও সহশিল্পীও তার অভিনয়ের প্রশংসা করেছেন। কোরবানির ঈদে মাবরুর রশীদ বান্নাহর ‘বেড সিন’ ও ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’, ‘লালাই’, ‘বাড়ি ফেরা’, ‘বৃষ্টি হয়ে এলে তুমি’ ও ‘প্রেম ছবি’ নাটকগুলোর জন্য তিনি বেশি প্রশংসিত হয়েছেন। চলতি বছর নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিশা বলেন, ‘ক্যারিয়ার শুরু পর থেকে বিশেষ দিবসগুলোকে কেন্দ্র করে মাঝে মাঝে নাটক করা হয়েছে। তবে তখন সিরিয়াস ছিলাম না। মূলত শখের কারণে কাজ করতাম বলা যায়। কিন্তু নাটকগুলো করার পর দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়ে মনে করলাম নিয়মিত নাটক করা যায়। এরপর চলতি বছর পুরোদমে কাজ শুরু করলাম। নিয়মিত কাজ করার পর দর্শকদের যেমন ভালোবাসা পেয়েছি তাতে কাজের গুরুত্ব বেড়ে গেছে।’
‘নায়িকা’ সাফার বছর ২০১৮
গতবছর পর্যন্ত ছোটপর্দায় নিয়মিত না হলেও জনপ্রিয়তার তালিকায় ছিলেন সাফা কবির। বিশেষ দিবসগুলোতে তাকে বিভিন্ন নাটকে দেখা গেলেও সেগুলো মূলত ছিল কিশোরনির্ভর বিভিন্ন গল্পে। আলাদাভাবে গল্পের নায়িকা হিসেবে খুব একটা দেখা যায়নি সাফাকে। সেই হিসেবটা বদলেছে এ বছরে। বিশেষ দিবসের পাশাপাশি বছরজুড়ে বিভিন্ন নাটকে দেখা গেছে তাকে। শুধু নাটক নয়, এ বছর সাফাকে একটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে। সঙ্গীতশিল্পী ইমরানের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যায় তাকে।
পুরোদস্তুর অভিনেত্রী সাবিলা
নাটক ও উপস্থাপনা করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ছিলেন সাবিলা নূর। সেই সময়টা বদলেছে এবার। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা গেছে তাকে। এরমধ্যে নূহাশ হুমায়ূন পরিচালিত ‘৭০০ টাকা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে এ বছর সবচেয়ে আলোচিত ছিলেন সাবিলা।
