বড়ো হামলার পূর্বপ্রস্তুতি হতে পারে :কাদের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশের ওপর হাতবোমা হামলার ঘটনাকে ছোটো করে দেখা ঠিক হবে না। এটা জঙ্গিদের বড়ো ধরনের হামলার ‘টেস্ট কেস’ হতে পারে। প্রথমে পুলিশের ওপর হামলা হলেও পরে আক্রান্ত হতে পারেন মন্ত্রী-সংসদ সদস্যসহ রাজনীতিবিদরা।

গতকাল রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, সায়েন্স ল্যাবের ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম টার্গেট ছিলেন না। এটি পুলিশের ওপর হামলা। হতে পারে এরা ছোটোখাটো ঘটনা দিয়ে ‘টেস্ট কেস’ করতে চাচ্ছে, বড়ো ধরনের কোনো হামলা করার জন্য, তার পূর্বপ্রস্তুতিও হতে পারে।

এ হামলা রাজনীতিবিদদের ওপর হুমকি কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পরবর্তীতে মন্ত্রী-এমপিরা টার্গেট হবেন না, এমন তো নয়, হতেও তো পারেন। জঙ্গি তত্পরতা এখনো রয়েছে কি না এক জন সাংবাদিক এমন প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ‘তা তো অবশ্যই আছে। জঙ্গিরা দুর্বল    হয়েছে, কিন্তু নিষ্ক্রিয় হয়েছে মনে করার কারণ নেই। আমার মনে হয় তারা তলে তলে প্রস্তুতি নিচ্ছে বড়ো ধরনের হামলার জন্য।’ বাংলাদেশে আইএসের অস্তিত্ব রয়েছি কি না—সে ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘আইএসের নামে অপপ্রচার চলছে কি না, তা নিশ্চিত না হয়ে বলতে পারছি না।’

জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গি দমনে ট্র্যাক রেকর্ড ভালো, তবে এ বিষয়টি (সাম্প্রতিক হামলা) তারা আমার মনে হয় উদ্ঘাটন করতে পারেনি। তবে এখন সতর্ক প্রস্তুতি নেওয়া হয়েছে, এ চক্রটাকে বের করার জন্য অনুসন্ধান চলছে।’ এ ধরনের হামলা প্রতিরোধে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে কি না, এক জন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোয়েন্দারা তো এ যাবত্ জঙ্গি দমন ও নিয়ন্ত্রণে যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে, এ বিষয়ে তারা সফল হবে বলে আশা করি।’

আসামে ঘোষিত এনআরসি বাংলাদেশের জন্য কোনো হুমকি সৃষ্টি করবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এনআরসির বিষয়টি পর্যবেক্ষণ করছি। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই মুহূর্তে কোনো সুইপিং কমেন্ট করা যাবে না।’ তবে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের প্রতি শুভ কামনা। তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিকে আলিঙ্গন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা। আমরা তো পরিবর্তন করিনি। পরিবর্তন করলে ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে তা জানানো হবে।