ইতিবাচক থাকার উপায়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৬

আপনি আসলে কেমন ধরনের মানুষ? একটি গ্লাসে অর্ধেক পানি থাকলে আপনি এটিকে কীভাবে দেখেন? অর্ধেক খালি নাকি অর্ধেক ভর্তি? যুক্তরাষ্ট্রের একটি গবেষণা বলছে, আশাবাদী ব্যক্তিরা হতাশাবাদীদের চেয়ে অনেক বেশি দিন বাঁচেন। এই তত্ত্ব মতে, আশাবাদীরা হয়তো নিজেদের আবেগকে অনেক সহজে নিয়ন্ত্রণ করতে পারেন যা তাদেরকে মানসিক চাপের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখে। 

মানুষ কীভাবে আশাবাদী হয় এবং হতাশাবাদীরা জীবন সম্পর্কে ইতিবাচক থাকতে কি কি করতে পারেন সে বিষয়ে কিছু উপায় সম্পর্কে জানবো আমরা। বলা হয় যে, ‘নদীর অপর পাশের ঘাস সবসময় একটু বেশি-ই সবুজ দেখায়’। কিন্তু এ ধারণা পর্তুগালের লিসবনে থাকা তানিয়া গুয়ার্দাকে তেমন প্রভাবিত করতে পারেনি। তিনি বলেন, ‘সবারই সমস্যা থাকে। আমার জীবন যেমন, সেভাবেই একে উপভোগ করার চেষ্টা করি আমি। আমার যা আছে তা নিয়েই সন্তুষ্ট।’ উদ্বেগ বা দুশ্চিন্তা কাটাতে তানিয়া নিজেকে ব্যস্ত রাখেন এর পেছনের সমস্যা খুঁজে বের করা নিয়ে, এবং সেগুলো সমাধান করার পর তিনি কেমন অনুভব করবেন তা নিয়ে ভাবতে পছন্দ করেন তিনি। তিনি বলেন, ‘আমাকে নিয়ে মানুষ যেসব নেতিবাচক মন্তব্য করে, সেগুলোকে আমার পর্যন্ত আসতে দেই না।’

আরেকজন কলোরাডোর ভিকি সিসকা। বেশ কিছু মানসিক চাপ নিয়ে খারাপ সময় পার করেছেন তিনি। কিন্তু তারপরও তিনি আশাবাদী। তিনি বলেন, গান আমার আত্মাকে তৃপ্ত করে, হাস্যরস বোধ বিভিন্ন বিষয় নিয়ে নতুন ধারণা দেয় এবং আমার অনেক ভালো বন্ধু আছে যারা আমাকে ভালোবাসে এবং খেয়াল রাখে। এগুলো আমাকে ইতিবাচক থাকতে সাহায্য করে। তিনিও তানিয়ার মতো একই সুরে বলেন, আমার মনে হয়, আমাদের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আমি নিজের মধ্যে থাকা আবর্জনা বের করে দেই। এতে সবসময় নিজেকে ‘পরিস্কার’ লাগে। আগামীর দিনগুলো সুন্দরভাবে কাটানোর জন্য এটা খুবই সঠিক এবং সহায়ক। তিনি নিজের নেতিবাচকতাকে ইতিবাচকতায় রূপান্তরের চেষ্টা করেন। তিনি জানান, খারাপ কিছু নিয়ে চিন্তা করার পরিবর্তে দরকার হলে সারা রাত জেগে ইউটিউব দেখি আমি। হাসির কিছু ভিডিও দেখে সময় পার করি আমি। কষ্টের সময়ও হাসলে অবিশ্বাস্য দ্রুত গতিতে খারাপ সময় কাটিয়ে ওঠা যায়।

ডাচ সংস্কৃতিতে একটি প্রবাদ আছে। আর তা হলো, নিজের দুর্ভাগ্য নিয়ে হাসো। তাহলে সেই দুর্ভাগ্য কাটানোর উপায়টা প্রথমে আপনার মাথাতেই আসবে! ভালো থাকার আরেকটি উপায় অনেকগুলো শখ তৈরী করা এবং সেগুলো নিয়ে ব্যস্ত থাকা।