সিদ্ধিরগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে শিপমেন্ট উপযোগী কয়েক লাখ পিস তৈরি পোশাক, বিপুল পরিমাণ ফেব্রিক্স ও একটি ডিজিটাল কাটার মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৪টার দিকে সিদ্ধিরগঞ্জপুলস্থ মজিব ভবনে অবস্থিত এ কে ফ্যাশন নামক পোশাক কারখানায়। আদমজী ফায়ার সার্ভিসের তিনটি, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি, ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি এবং মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট ৯টি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কীভাবে সেখানে আগুন লাগল তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
জানা যায়, রবিবার ভোর ৪টার দিকে এ কে ফ্যাশন পোশাক কারখানার নিরাপত্তাকর্মী হঠাত্ দ্বিতীয় তলায় আগুন দেখতে পেয়ে মালিকপক্ষকে ফোনে জানালে তারা ফায়ার সার্ভিসে খবর দিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এরই মধ্যে আদমজী, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া থেকে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় প্রতিষ্ঠানটির কয়েক লাখ পিস তৈরি পোশাক, বিপুল পরিমাণ ফেব্রিক্স ও একটি ডিজিটাল কাটার মেশিনসহ বিভিন্ন মূল্যবান মালামাল। তৈরি পোশাকগুলো গতকাল রবিবারই শিপমেন্ট হওয়ার কথা ছিল। আগুনে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক কামরুল আহসান। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আকতারুজ্জামান আগুনে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তাত্ক্ষণিকভাবে বলতে পারেননি। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ কে ফ্যাশনের পরিচালক কামরুল আহসান বলেন, ভোর বেলায় আগুন লাগার খবর শুনে দ্রুত ছুটে আসি গার্মেন্টসে। আগুনের লেলিহান শিখা আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। শনিবার রাত ৭টায় শিপমেন্টের জন্য ৭ লাখ পিস তৈরি পোশাক (গেঞ্জি) রেডি করে রেখে কারখানা বন্ধ করা হয়। নিচ তলায় বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ থাকায় শর্ট সার্কিটের মাধ্যমে ২য় তলায় আগুনের সূত্রপাত হওয়া অসম্ভব। পুরো বিষয়টিই রহস্যজনক।
