শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম)-এর সক্রিয় সদস্য শেখ দ্বীন ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় বিপুলসংখ্যক উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়।
রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১-এর সদর দপ্তর থেকে সিনিয়র সহকারী পরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য সাংবাদিকদের জানানো হয়েছে।
র্যাব জানায়, দ্বীন ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে স্থানীয় একটি স্কুল থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে। ২০১৮ সালে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম)-এ যোগ দেয় সে। দ্বীন ইসলাম ঐ সংগঠনটির দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করতো। সে মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী। দ্বীন ইসলাম বি-বাড়িয়া জেলার সরাইল থানা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
