গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা

চার্জশিট থেকে মূল আসামিকে বাদ দেওয়ায় বিক্ষোভ, অবরোধ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচার দাবি ও সম্প্রতি পিবিআইয়ের দাখিলকৃত চার্জশিটে মূল আসামির নাম বাদ দেওয়ার প্রতিবাদে রবিবার দুপুরে বিক্ষোভ এবং ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সাঁওতাল জনগোষ্ঠী ও ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির লোকজন। প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার সাঁওতালপল্লি জয়পুর, মাদারপুর থেকে সহস্রাধিক সাঁওতাল নারী-পুরুষ লাল ফ্লাগ ও ফেস্টুন-ব্যানারসহ প্রায় ১২ কিলোমিটার পথ হেঁটে বিক্ষোভ মিছিল নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন। বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১২টায় গোবিন্দগঞ্জের থানা মোড় এলাকায় অবস্থান নিয়ে তারা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।