ফুলবাড়ীতে ভারতীয় বিরল প্রজাতির বানরের সন্ধান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৯

সীমান্ত পেরিয়ে ভারতীয় বিরল প্রজাতির একটি বানর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের মধ্যে ঢুকে বড়ভিটা মুন্সিটারী এলাকায় অবস্থান করছে। রবিবার সকালে বানরটিকে দেখতে পায় স্থানীয়রা। সারাদিন ধরে বিরল প্রজাতির বানরটি ওই এলাকার বিভিন্ন বাড়ির আঙিনা ও বাগানের মধ্যে ঘোরাফেরা করেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকার মুন্সিটারী জামে মসজিদ সংলগ্ন মেহগনী প্রজাতির গাছের মগ ডালে অবস্থান করছিলো বানরটি।

এলাকাবাসী বিভিন্ন কৌশল অবলম্বন  করেও বানরটিকে ধরতে পারেনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে কয়েকশত নারী-পুরুষ বানরটিকে এক নজর দেখার জন্য ভিড় করে।

স্থানীয় আব্দুল জলিল, আব্দুল ছালাম, আহম্মেদ আলী ও শামিম বলেন, সকালে হঠাৎ করে বানরটিকে আমরা দেখতে পাই। ধরার অনেক চেষ্ঠা করি। কিন্তু পারিনি। পরে বিকালে ফুলবাড়ী থানায় জানানো হয়েছে। তবে স্থানীয়দের ধারণা বিরল প্রজাতির বানরটি ভারত থেকে বাংলাদেশে এসেছে। 

আরও পড়ুন: সাভারে চিকিৎসাধীন আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

ফুলবাড়ী থানার এএসআই গৌরাঙ্গ চন্দ্র রায় জানান, ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে বিরল প্রজাতির বানরটির ক্ষতি না করার জন্য সর্তক করা হয়েছে। পরিবেশ ও বন বিভাগকে জানানো হয়েছে। তারা বানরটির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।  

ইত্তেফাক/নূহু