নাগরিকপঞ্জি যেন কাউকে রাষ্ট্রহীন না করে : ইউএনএইচসিআর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৩

ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে ১৯ লাখের বেশি মানুষকে বাদ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপো গ্র্যান্ডি। এই তালিকা প্রণয়নের মাধ্যমে কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রবিবার জেনেভায় প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেন, এনআরসির মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের জাতীয়তা হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে রাষ্ট্রহীন নাগরিক সমস্যা সমাধানে বৈশ্বিক প্রচেষ্টা ব্যাহত হবে।

এনআরসির কারণে কেউ যেন রাষ্ট্রহীন নাগরিকে পরিণত না হয় তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে এ প্রক্রিয়ার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য প্রবাহ এবং আইনি সহায়তাসহ সর্বোচ্চ মানদণ্ড অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। জনগণের জাতীয়তা নিশ্চিতে এবং রাষ্ট্রহীনতা এড়াতে ভারতকে সহযোগিতা করার প্রস্তাব আবারও দিয়েছে ইউএনএইচসিআর।