বাহামায় আঘাত হেনেছে শক্তিশালী ডোরিয়ান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৫

পাঁচ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান আঘাত হেনেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বাহামায়। ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাহামার গ্রেট আবাকো ও গ্রান্ড বাহামা দ্বীপে তাণ্ডব চালাচ্ছে ডোরিয়ান। এতে করে ওই অঞ্চলের ভবনের ছাদ উড়ে গেছে এবং আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। 

কর্মকর্তারা বলেছেন, এই ঝড়ের প্রভাবে ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।  

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বলছে, আটলান্টিক অঞ্চলের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় এটি, আর বাহামায় সবচেয়ে শক্তিশালী হারিকেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার  রাতে আবাকো দ্বীপের এলবো কে এলাকা দিয়ে ডোরিয়ান যখন স্থলভাগে উঠে আসে, তখন বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) পরিচালক কেন গ্রাহাম বলেছেন, ১০ ঘণ্টার বেশি সময় ধরে বড় ধরনের হারিকেনের কবলে থাকতে পারে বাহমা দ্বীপপুঞ্জ।  

বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘প্রাণঘাতী ও দানবীয় একটি ঝড়’ দ্বীপটিতে তাণ্ডব চালাচ্ছে।

ইত্তেফাক/এসআর