ধর্ষণের অভিযোগে কলেজছাত্রকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৬

হোমনায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রবিবার রাতে শামীম (২০) নামের এক কলেজছাত্রকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শামীম উপজেলার শ্রীমদ্দি গ্রামের নিজ পাড়ার আবদুল লতিফের ছেলে। 

ছাত্রীর স্বজনদের সূত্রে জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া ঐ ছাত্রীটি স্কুলে যাওয়া আসার পথে শামীম দীর্ঘ দিন যাবত তাকে নানাভাবে যৌন হয়রানিসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু মেয়েটি বরাবরই তার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। বিষয়টি বার বার শামীমের পরিবারের সদস্যদের জানালেও এতে কোনো প্রতিকার পাওয়া যায়নি। 

রবিবার রাতে মেয়েটিকে ফুঁসলিয়ে একটি বাগানে নিয়ে ধর্ষণ করার সময় স্থানীয় জনতা তা দেখে ফেলে। পরে শামীমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। 

হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ