রে সি পি-২

পাই-প্যাটিসের মজা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৯

 

 দোকানের যত মচমচে ভাজা পাই-প্যাটিস দেখে ছেলে-বুড়ো সবার জিভেই বুঝি জল আসে। কিন্তু স্বাস্থ্য আর উপকরণের কথা ভেবে অনেকেই পিছিয়ে যান। ভয় নেই এবারের আয়োজনে থাকছে তেমনিই কিছু পাই-প্যাটিস যেগুলো বাড়িতে ওভেন থাকলে সহজেই বানিয়ে খেতে পারেন।

 

 

 

বি ফ  পা ই

 

উপকরণ :পাফ ডো ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গরম-মসলার গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, ডিম ১টি, সয়া সস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

 

প্রণালি :ওভেনের তাপ ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড, সময় ৩০ থেকে ৩৫ মিনিট। ডিম ফেটিয়ে নিন। তেলে পেঁয়াজ ও সব মসলাগুলো দিয়ে কষিয়ে নিন। এবার কষানো মসলায় মাংসের কিমা মিশিয়ে ভুনা করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে সয়া সস, কাঁচামরিচ ও গরম মসলার গুঁড়া দিয়ে দিন। এবার কর্নফ্লাওয়ার আর দুধ একসাথে গুলিয়ে মাংসের ভিতর ঢেলে নাড়ুন। ভাজাভাজা হয়ে এলে নামিয়ে নিন। পাফ ডো ১/২ ইঞ্চি পুরু করে রুটির আকারে বেলে নিন। এবার পাইয়ের ট্রে-তে পাফ রুটি বিছিয়ে মাংসের কিমা রান্নাটি ঢেলে সাজিয়ে নিন। পাইয়ের উপরের অংশটি সাজাতে পাফ রুটি চিকন ফিতার মতো লেচি কেটে আড়াআড়ি ডিজাইন করে একেকটা ফিতা বিছিয়ে পাইয়ের উপরের অংশটি সাজিয়ে নিন। দেখতে অনেকটা বেতের বুনটের মতো হবে। এবার পাইয়ের উপরের অংশে ডিম ব্রাশ করে প্রি-হিট করা ওভেনে বেক করুন। পরিবেশন করুন গরম অবস্থায়।

 

 

ক্র স  চি কে ন  পে টি স

 

উপকরণ :পাফ ডো ৫০০ গ্রাম, হাড় ছাড়া মুরগির মাংস কুচি ১ কাপ, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ মোটা করে কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টমেটো কুচি ১/২ কাপ, টমেটো সস ১/২ কাপ, পনির কোড়ানো ১/২ কাপ, ডিম ১টি।

 

প্রণালি :১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ওভেন ১০ মিনিট প্রি-হিট করে নিন। ডিম ফেটিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা ও মুরগির মাংস কুচি মিলিয়ে কষিয়ে নিন। এবার এতে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর পানি দিয়ে অল্প আঁচে রান্না করুন। পানি শুকিয়ে গেলে সয়াসস, গুঁড়া দুধ ও ধনেপাতা কুচি দিয়ে কিমা রান্না নামিয়ে নিন। পাফ ডো ১/২ ইঞ্চি পুরু করে বেলে নিন। এবার রুটিটাকে লম্বায় ৮ ইঞ্চি আর পাশে ৬ ইঞ্চি মাপে কেটে নিন। মাঝখানে মাংসের পুর দিয়ে তার উপর চিজ কোরানো ও তার উপরে টমেটোর সস দিয়ে দিন। এবার রুটির দুই পাশ চিক ফিতার মতো করে কেটে টুকরাগুলোকে রোল করে উপরে উঠিয়ে দিন। এমনভাবে এই ফিতাগুলোতে উপরে তুলুন যেন রোলের উপরে বেণির মতো ডিজাইন তৈরি করে। এভাবে সবগুলো পেটিস তৈরি করে উপরে ডিম ব্রাশ করে বেকিং ট্রেতে রেখে ওভেনের ভেতরে দিয়ে দিন। প্রি-হিট ওভেনে ৩০-৩৫ মিনিট রান্না করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মজাদার ক্রস চিকেন পেটিস। গরম গরম পরিবেশন করুন যেকোনো সসের সাথে।

 

ড্যা নি শ

 

উপকরণ :পাফ খামির ৫০০ গ্রাম, নারকেল কুড়ানো দেড় কাপ, চিনি ৮ টেবিল চামচ, এলাচ গুঁড়া সামান্য, ডিম ১টি।

 

প্রণালি :ডিম ফেটিয়ে রাখুন। এবার ওভেন ১৮০ ডিগ্রি তাপে প্রি-হিট করে রাখুন। নারকেলের সাথে চিনি, এলাচ গুঁড়া মিশিয়ে একসাথে জ্বাল দিয়ে আঠালো করে নামিয়ে রাখুন। এবার পাফ খামির ১/২ ইঞ্চি পুরু করে বেলে আড়াই ইঞ্চি চওড়া আর ৯ ইঞ্চি লম্বা করে কেটে উপরে নারকেলের পুর বিছিয়ে দুই সাইড থেকে রোল করে হাতের তালু দিয়ে চ্যাপ্টা করে নিন। উপরের ডিমের প্রলেপ দিয়ে ওভেনে ৩০-৩৫ মিনিট বেক করে উপরে চিনির গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন।

 

 

চি জ  স্ট্র

 

উপকরণ :পাফ খামির ২৫০ গ্রাম ময়দার, পনির গুড়া ১/২ কাপ, শুকনা মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ডিম ১টি।

 

প্রণলি :ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে রাখুন। এবার পনিরের গুঁড়া ও মরিচের গুঁড়া একসাথে মিলিয়ে নিন। পাফ খামির ১/২ ইঞ্চি পুরু করে বেলে ৩/৪ ইঞ্চি চওড়া করে ও ২ ইঞ্চি লম্বা করে ফালি কাটুন। প্রতিটি টুকরার গায়ে ডিম ব্রাশ করে মিশ্রিত পনির গুঁড়া গায়ে ছিটিয়ে প্রি-হিট করা ওভেনে ২৫-৩০ মিনিট বেক করুন। এবার পরিবেশন করুন চায়ের সাথে হালকা নাস্তা হিসেবে কিংবা সুপের সাথে।