সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নববধূ ও এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সুগন্ধা হাউজিং এলাকার মৃত সিরাজ উদ্দিনের মেয়ে সদ্য বিবাহিত গৃহবধূ নিশাত পারভীন (১৯) এবং বগুড়ার সারিয়াকান্দা থানার চরহরিণা গ্রামের আকবর প্রমাণিকের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। নিহত রাজ্জাক তেঁতুলঝোড়া ইউনিয়নে ভাড়া বাসায় থেকে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হেমায়েতপুরের বিমান পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নিরাপত্তা কর্মী আব্দুর রাজ্জাক। এ সময় ঢাকাগামী মৌমিতা পরিবহণের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দিকে, ওই দুর্ঘটনার কিছু পূর্বে একটি মাইক্রোবাসে করে সদ্য নববধূ নিশাত শ্বশুর বাড়ি থেকে হেমায়েতপুরের সুগদ্ধা হাউজিংয়ে তার বাবার বাড়িতে ফিরছিলেন। এ সময় সুগন্ধা হাউজিং বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাক ওই মাক্রোবাসটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিশাতের মৃত্যু হয়। গত শুক্রবার তার বিয়ে হয় বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আরও পড়ুন: রিফাত হত্যা: মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক হোসেন জানান, উভয় ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার এবং থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাক ও বাসকে জব্দ করার চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
