রক্ষণই জিদানের বড়ো সমস্যা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খুইয়েছে। গত রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে গ্যারেথ বেলের জোড়া গোল সত্ত্বেও ২-২ গোলে ড্র করেছে দলটি। দুইবার পিছিয়ে পড়েও ড্র করে ফিরতে পারায় দলের তারিফ করলেও কোচ জিনেদিন জিদানের দুশ্চিন্তা বাড়াচ্ছে রক্ষণভাগ।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। তারা ১২ মিনিটে হজম করা জেরার্ড মোরেনোর গোলটির জবাব দেয় প্রথমার্ধের যোগ করা সময়ে, গ্যারেথ বেলের কল্যাণে। এরপর ৭৪ মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড মই গোমেজ গোল করলে আবারও পিছিয়ে পড়ে রিয়াল। ৮৬ মিনিটে আবারও দলের ত্রাতা হয়ে আসেন বেল। তার গোলেই সমতায় ফেরে দলটি। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেন বেল।

জিদান ম্যাচপরবর্তী প্রতিক্রিয়ায় জানান, শেষ ১৫ মিনিটের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও প্রথম দিকে মোটেও ভালো খেলেনি তার দল। তিনি বলেন, ‘যখন তারা দ্বিতীয় গোলটা করল তারপর থেকেই ভালো খেলতে শুরু করেছি আমরা, কিন্তু প্রথম ১৫ মিনিটে ভালো খেলতে পারিনি। কিন্তু দল খুব দ্রুতই প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আরো বেশি গোল পাওয়ার যোগ্য ছিলাম আমরা।’

তবে দলের রক্ষণভাগ দুশ্চিন্তায় রেখেছে জিদানকে, ‘রক্ষণাত্মকভাবে আরো উন্নতি করতে হবে আমাদের। কারণ আমরা জানি, প্রতিপক্ষ আক্রমণভাগে আমরা কী করতে পারি। ম্যাচের শুরুতে আমাদের খেলায় কোনো প্রকারের তীব্রতা ছিল না। খেলায় আধিপত্য নিয়ে শুরু করাটা সবসময়ই গুরুত্বপূর্ণ।’

সেই প্রাক মৌসুম থেকে গোল হজম করাটা আশঙ্কাজনকভাবে বেড়েছে রিয়ালের। মূল মৌসুম শুরুর পরেও সে ধারা থেকে বেরোতে পারেনি জিদানের শিষ্যরা। প্রথমার্ধে জেরার্ড মোরেনোর করা গোলের শুরুটা হয়েছিল অধিনায়ক সার্জিও র্যামোসের এক ভুলেই। তবে কোচ জিদানকে পাশেই পাচ্ছেন র্যামোস। ফরাসি কোচের ভাষ্য, ‘ফুটবলে এমন হয়েই থাকে।’ চলতি লিগ রাউন্ডটি শেষে আন্তর্জাতিক ফুটবলের জন্য প্রায় দুই সপ্তাহের ছুটিতে যাবে ক্লাব ফুটবল। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর লেভান্তেকে আতিথ্য দেবে রিয়াল। ভিয়ারিয়ালের মাঠ থেকে ইতিবাচক দিকটা নিয়ে এখন সেই ম্যাচের দিকেই তাকাচ্ছেন জিদান। তিনি বলেন, ‘দল যেমন করে ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে আমি খুশি। এখন পরের ম্যাচটা নিয়েই ভাবতে হবে আমাদের।’

রিয়ালের হোঁচটের রাতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো ঠিকই জয় তুলে নিয়েছে। অন্তিম সময়ে থমাস পার্টেইর গোলে এসডি এইবারকে ৩-২ গোলে হারিয়েছে কোচ দিয়েগো সিমিওনের দল। দলটির হয়ে অন্য দুটি গোল করেছিলেন হোয়াও ফেলিক্স এবং ভিতোলো। এই জয়ের ফলে রিয়াল থেকে চার আর বার্সেলোনা থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল দলটি।