ভালো শুরু করল মেয়েরা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

বিশ্বকাপ বাছাইপর্ব

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ ছিলো পাপুয়া নিউ গিনির বিপক্ষে। বৃষ্টিতে নির্ধারিত দিনে সেটা হতে পারেনি। সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ সময় রাতে। তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৮ উইকেটের বড়ো এক জয়ে টুর্নামেন্ট শুরু করেছে সালমা খাতুনের দল। আগে ব্যাট করা যুক্তরাষ্ট্র দল ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। জবাবে বাংলাদেশ দল ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান করে ফেলে।

বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র দল। টস জিতে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্রের মেয়েরা শুরু থেকেই উইকেট হারিয়েছে নিয়মিত। নতুন বলে দুই ওপেনারকে ফেরান বাংলাদেশের মূল স্ট্রাইক বোলার জাহানারা আলম। এরপর প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশের স্পিনাররা। অফ স্পিনার খাদিজাতুল কুবরা নিয়েছেন দুই উইকেট। শেষদিকে তিনটি উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। যুক্তরাষ্ট্রের হয়ে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল সুগেতা চন্দ্রশেখর। ৩৭ বলে করেছেন তিনি ১৫ রান।

সহজ রান তাড়ায় বাংলাদেশকে দ্রুত এগিয়ে নেন ওপেনার সানজিদা ইসলাম। ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রান করে আউট হন এই ওপেনার। আরেক ওপেনার আয়েশা আক্তার আউট হয়ে যান ১ ছক্কায় ৮ রান করে।

জয় তখন নাগালেই। নবম ওভারে নিগার সুলতানার বাউন্ডারিতে নিশ্চিত হয় জয়।