নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় আমন আবাদ চলছে ধুমসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আবাদ। আবাদ প্রায় শেষের পথে। আমন ধানের জমিগুলো যেন সবুজ কার্পেট। তবে বেশ কিছুদিন যাবত্ বৃষ্টি না হওয়াতে খরার কবলে পড়েছে আবাদি জমি। এ বছর নেত্রকোনা জেলায় ১ লাখ ২৫ হাজার ১৪৯ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত আবাদ হয়েছে ১ লাখ ১৫ হাজার হেক্টর জমি। এই সপ্তাহের মধ্যেই বাকি জমির আবাদ শেষ হবে এবং আরো অতিরিক্ত জমিতে আমন আবাদ হতে পারে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।
এবার বন্যায় নেত্রকোনার পাঁচটি উপজেলা আক্রান্ত হলেও আমনের তেমন কোনো ক্ষতি হয়নি। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, নেত্রকোনায় আমনের আবাদ দ্রুতগতিতে চলছে। এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করে আরো অধিক জমিতে আমন আবাদ হতে পারে বলে তারা আশা প্রকাশ করছেন। তবে বৃষ্টির প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এই সময় ভারী বর্ষণ হলে আমন জমির জন্য ভালো হতো। বারহাট্টার কৃষক মোবারক আলী বলেন, বৃষ্টি না হওয়াতে তারা আশঙ্কার মধ্যে রয়েছেন। এ মাসে একটা ভারী বৃষ্টি হলে জমির জন্য ভালো হতো।
নেত্রকোনা জেলা সার ডিলার সমিতির সহসভাপতি ফরিদুল হক বলেন, এখন আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকের আমন আবাদে কোনো সমস্যা হচ্ছে না। তারা ইউরিয়া, ডিএপি এবং এমওপিসহ সকল প্রকার সারও পাচ্ছেন। সরকার থেকে প্রণোদনাও দেওয়া হচ্ছে।
