দুই বছরেও শেষ হয়নি সংস্কার কাজ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩

বগুড়া-নওগাঁ মহাসড়ক

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়া-নওগাঁ মহাসড়কের সংস্কারের কাজ প্রায় দুই বছরেও শেষ হয়নি। ফলে যানবাহনসহ পথচারীদের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সীমানার সাহারপুকুর থেকে আদমদীঘির শিবপুর পর্যন্ত এই সড়কের সংস্কার কাজ শুরু করা হয়। প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার সড়কের পিচ ঢালাইয়ের পাথর তুলে ইটের খোয়া ও বালু বিছানোর পর পড়ে আছে সড়কটি। ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের যোগাযোগ মাধ্যম এই সড়ক। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার ছোটো-বড়ো যানবাহন চলাচল করে। প্রায় দুই বছর ধরে এই সড়কের পিচ তুলে খানাখন্দে পরিণত করেছে। এসব গর্তে পড়ে মোটরসাইকেল আরোহীসহ পথচারীরা আহত হচ্ছেন। ১০ মিনিটের রাস্তা অতিক্রম করতে প্রায় এক ঘণ্টা সময় লাগছে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, সড়কের কাজ সমাপ্ত করতে একাধিকবার ঠিকাদার কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে। সময়ের মধ্যে কাজ সমাপ্ত না হলে ঐ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হবে। বিষয়টি মন্ত্রণালয় পর্যন্ত জানানো হয়েছে।