ডিএসইতে সূচকের পতন চলছেই

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবারও বেশিরভাগ শেয়ারের দর কমেছে। ফলে কমেছে মূল্যসূচক। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩ পয়েন্টে। এর আগের দিন সপ্তাহের প্রথম কার্যদিবসেও সূচক প্রায় ৯ পয়েন্ট কমেছিল। অর্থাত্ দুই কার্যদিবসে সূচক কমেছে ৪৬ পয়েন্ট। অবশ্য গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। গতকাল ডিএসইতে ৪৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ডিএসইএস বা শরিয়া সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৫ পয়েন্টে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, মূলত আস্থাহীনতার কারণেই শেয়ারবাজারে সূচক ও লেনদেনে প্রত্যাশিত গতি আসছে না। আস্থা ফেরাতে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে না। বাজারে অপেক্ষাকৃত দুর্বল শেয়ারের লেনদেন ও দর বেড়ে যাওয়াও এর পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ১০ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ২২৪টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো—মুন্নু সিরামিক্স, ইউনাইটেড পাওয়ার, স্টাইল ক্রাফ্ট, জেএমআই সিরিঞ্জ, আইটিসি, সিলকো ফার্মাসিউটিক্যালস, ওয়াটা ক্যামিকেলস, বিকন ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল পলিমার ও মুন্নু স্টাফলার। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ইনটেক লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কে এন্ড কিউ, মুন্নু সিরামিক, গ্লোবাল ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলার, আইটিসি, স্টাইল ক্রাফট, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স ও লিগ্যাসি ফুটওয়ার। 

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—জিল বাংলা সুগার মিল, আইসিবি ইসলামী ব্যাংক, আইপিডিসি, তাল্লু স্পিনিং, ন্যাশনাল পলিমার, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, তুংহাই নিটিং এন্ড ডায়িং, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, সিনোবাংল ইন্ডাস্ট্রিজ ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড।

এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  লেনদেন হয়েছে ৮৭ লাখ ৮৮ হাজার ৯৪৮ টাকার শেয়ার। সিএসই সার্বিক সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫১১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।