আসামের অর্থমন্ত্রীর বক্তব্যে এখনই মন্তব্য করতে চায় না আওয়ামী লীগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৬

সম্পূর্ণ বিষয়টি পর্যবেক্ষণ

করা হচ্ছে :মতিন খসরু

ইত্তেফাক রিপোর্ট

অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আসাম থেকে ১৫ লাখ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার এমন বক্তব্য সম্পর্কে এখনই মন্তব্য করতে চায় না আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু বলেন, আসামের অর্থমন্ত্রী এক কথা বলছেন, আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরেক কথা বলছেন। এটা পরিপূর্ণভাবে ভারতের আভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমরা এখনই মন্তব্য করতে চাই না। সম্পূর্ণ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।

রোহিঙ্গা ইস্যুতে চীন চাইলেই সমাধান সম্ভব জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, চীনা কমিউনিস্ট পার্টি যে বক্তব্য দেবে সেটাই তাদের সরকারের বক্তব্য। চীন সফরে আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের যথাযথ ভূমিকা রাখার জন্য অনুরোধ করব। যাতে রোহিঙ্গারা সসম্মানে নিরাপত্তার সঙ্গে তাদের দেশে ফিরে যেতে পারে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও সফরকারী দলের অধিকাংশ সদস্যরা।