ইত্তেফাক ডেস্ক
হংকংয়ে গণতন্ত্রের দাবিতে ক্লাস বয়কটের মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে হাজার হাজার শিক্ষার্থী। গতকাল সোমবার প্রথম দিনের ক্লাস বয়কট করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। এছাড়া শ্রমিকরাও গতকাল ধর্মঘট পালনের পাশাপাশি বিক্ষোভে শামিল হন। তবে চীনা মিডিয়া জানিয়েছে, শিগগিরই বিক্ষোভের সমাপ্তি ঘটবে। খবর ডেইলি মেইল অনলাইনের
গ্রীষ্মকালীন ছুটি শেষে গতকাল ছিল শিক্ষার্থীদের প্রথম দিনের ক্লাস। কিন্তু তারা ক্লাসে না গিয়ে গণতন্ত্রের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে জড়ো হয়। এতে ২০০ স্কুলের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। গত তিন মাস ধরে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে এটা নতুন মাত্রা যোগ করেছে। হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটিতে হাজার হাজার শিক্ষার্থীকে জড়ো হতে দেখা গেছে। অনেককে রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে তাল মিলিয়ে ছাতা হাতে দেখা যায়। গান গেয়ে ও স্লোগান দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
সেইন্ট ফ্রান্সিস ক্যানোসিয়ান কলেজের কাছে প্রায় ৯ হাজার শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়। তারা গ্যাস মাস্ক পরে প্রতিবাদ জানায়। কোথাও কোথাও শিক্ষার্থীরা নিজেদের স্মার্টফোন জ্বালিয়ে প্রতিবাদ করে। কিছু স্কুলে ছাত্রীরা এক চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদ জানায়। গত তিন মাসের বিক্ষোভে যেসব নারী আহত হয়েছেন, তাদের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে চীনের একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, শিগগিরই হংকংয়ে বিক্ষোভের অবসান ঘটবে। কারণ বেইজিং পহেলা অক্টোবরের আগেই হংকংয়ের পরিস্থিতি শান্ত দেখতে চায়। ধারণা করা হচ্ছে, এজন্য সরকার বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও গ্রেফতারসহ বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে।
