এক দিনে ডেঙ্গু রোগী কমেছে ৪ শতাংশ নতুন ভর্তি ৮৬৫ জন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:২০

হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। রাজধানীসহ সারাদেশে গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা চার শতাংশ কমেছে। এসময় ঢাকায় ৩৯৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৬৯ জনসহ মোট ৮৬৫ জন আক্রান্ত হন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৮৫ রোগী। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৯৩১ জন। ঢাকায় ২ হাজার ১৭৭ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৭৫৪ জন ভর্তি রয়েছেন। এদিকে ডেঙ্গু জ্বরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসান ফকির (৪৫) নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় চিকিত্সাধীন অবস্থায় ৬০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। তার বাড়ি বাগেরহাটের চিতলমারি উপজেলায়।

ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায়

৮০ হাজার টাকা জরিমানা

ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচ জন বাড়ির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির পাঁচটি মোবাইল টিম গতকাল নগরীর ১৪০টি বাড়ি/হোল্ডিং পরিদর্শন করে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, অঞ্চল-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ২৪টি বাড়ি পরিদর্শন করেছেন। এর মধ্যে পান্থপথে নির্মাণাধীন মানামী ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা এবং হোল্ডিং নম্বর ১৭/এ শুক্রাবাদকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অঞ্চল-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান অগ্রণী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নির্মাণাধীন ভবনসহ ৩০টি বাড়ি পরিদর্শন করেন। অঞ্চল-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৪৩ নম্বর ওয়ার্ডের ২৪টি বাড়ি পরিদর্শন করে ৩টি বাড়ির পরিবেশ এডিস মশার প্রজনন উপযোগী হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অঞ্চল-৫-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল হক ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে ৪০টি বাড়ি এবং অঞ্চল-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ ২২টি হোল্ডিং পরিদর্শন করেছেন।