খুলনায় এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা ও তার ছেলেকে কুপিয়ে জখম করে বাঁশবোঝাই ট্রাক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে নগরীর খানজাহান আলী থানার রূপসা সেতুর বাইপাস সড়কের পাশে চিংড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের শমসের মণ্ডল (৫৫)। আহত ছেলে রোকনের অবস্থা আশঙ্কাজনক।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গতকাল সকালে খানজাহান আলী থানার চিংড়িখালী এলাকার বাইপাস সড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে পাঞ্জাবি ছিল। নিহতের শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। পার্শ্ববর্তী স্থানে আরো এক জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। দুপুরে তদের পরিচয় শনাক্ত করা হয়। শমসের মণ্ডল ও তার ছেলে চুয়াডাঙ্গা থেকে ট্রাকে বাঁশবোঝাই করে খুলনায় আসছিলেন। তারা রূপসা সেতুর (খানজাহান আলী সেতু) বাইপাস সড়কের চিংড়িখালী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা শমসের মণ্ডলকে কুপিয়ে হত্যা করে। এ সময় বাঁধা দিতে গেলে শমসেরের ছেলে রোকনকেও কুপিয়ে জখম করে। পরে দুর্বৃত্তরা বাঁশবোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
