বিদ্যুতায়িত হয়ে মৌলভীবাজারে কিশোরের মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

পরিত্যক্ত একটি ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে ফেলা বৈদ্যুতিক তার সরানোর সময় মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় একটি পরিত্যক্ত ডোবায় মাছ ধরতে গিয়ে পানিতে ফেলা একটি তার সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে পারভেজ (১৫) নামের এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত কিশোর পূর্ব বড়হাট এলাকার রিকশা শ্রমিক কিসমত মিয়ার ছেলে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুত্ সমিতির মৌলভীবাজার জোনালের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাকির হোসেন কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত একটি টানা তার ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছেলেটি মারা গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।