পণ্য আমদানিতে একের পর এক শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে চীন। গতকাল চীনা বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
রবিবারই যুক্তরাষ্ট্র বিভিন্ন চীনা পণ্যে ১৫ ভাগ শুল্ক আরোপ করে এবং চীন মার্কিন অশোধিত তেলে শুল্ক আরোপের ঘোষণা দেয়। বেইজিং শুল্ক মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
তবে দেশটি জানিয়েছে, মার্কিন শুল্ক বৃদ্ধিতে তাদের ৩০০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি জাপানের ওসাকায় দুই দেশের নেতাদের মধ্যে বাণিজ্য নিয়ে একটি সমঝোতা হয়। কিন্তু সেই সমঝোতাকে লংঘন করে নতুন করে শুল্ক বাড়ায় যুক্তরাষ্ট্র।
তাই চীন বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী আইনি লড়াই চালাবে।
রয়টার্স
