সাতকানিয়ায় শিশু হত্যার অভিযোগে একজন আটক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৩

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় মো. তৌহিদুল ইসলাম (৯) নামে এক শিশুকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার মার্দাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম একই পাড়ার আবদুল মন্নানের ছেলে। এ ঘটনায় থানা পুলিশ অভিযুক্ত মো. শাকিলকে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ৯টার সময় উপজেলার মার্দাশা ইউনিয়নের আদর্শ পাড়ার আচার ব্যবসায়ী মোহাম্মদ ইউনুচের ছেলে মো. শাকিল (১৯) একই পাড়ার আবদুল মন্নানের ছেলে তৌহিদুল ইসলাম সায়েমকে নিয়ে বাড়ির পাশে পাহাড়ে নিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর রাত দেড়টায় থানা পুলিশের সহযোগিতায় বাড়ি থেকে ২ মাইল দূরে পাহাড়ে একটি গর্ত থেকে সাইমের মৃতদেহ উদ্ধার করে।

মাদার্শা ইউপির সদস্য নূর আহমদ বলেন, অভিযুক্ত শাকিল বখাটে প্রকৃতির। মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মাহমুদুল করিম বলেন, তৌহিদুল নামের এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ ও শিশু হত্যার অভিযোগে মো. শাকিল নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।