পলাশবাড়ী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় আহত বাইসাইকেল আরোহী লিমন খন্দকার (২৫) মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত লিমন খন্দকার উপজেলার হরিনমাড়ী গ্রামের খন্দকার মুনছুর মোয়াজ্জেম হোসেনের ছেলে।
গত সোমবার (২ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার দক্ষিণবন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরমুখী একটি মাইক্রোবাস ওই এলাকায় বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লিমন সড়কে ছিটকে পরে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান।
ওসি মাসুদুর রহমান আরো জানান, পুলিশ ঘাতক মাইক্রোবাস ও তার চালককে আটক করেছে। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/এমআই
